মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে হুথিদের হামলায় ব্যাহত হচ্ছে বাণিজ্যিক নৌ চলাচল

সানা, ২৭ জুলাই – লোহিত সাগর উপকূলে সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শিপিং ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল মানদেব প্রণালি দিয়ে গত ২৬ জুলাই মাত্র ১১টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

হামলার প্রভাবে সৌদি আরবের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ইউরোপ ও আফ্রিকায় অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কেপলার জানায় ২৬ জুলাই বাব এল মানদেব অতিক্রম করা ১১টি জাহাজের মধ্যে সাতটি ছিল তেলবাহী ট্যাঙ্কার।

এর মধ্যে তিনটি ট্যাঙ্কার লোহিত সাগরে প্রবেশ করছিল যার দুটি অতিবৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি। এই জাহাজগুলো সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে লোহিত সাগর ছেড়ে যাওয়া চারটি জাহাজের মধ্যে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ ২০ লাখ ব্যারেল সৌদি ও আমিরাতি তেল নিয়ে চীনের নিংবো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে তারা জিজান ও ইয়ানবু শহরে সৌদি আরামকোর তেল স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল কমে গেছে। কেপলারের তথ্যমতে ২৬ জুলাই হরমুজ প্রণালি অতিক্রম করেছে মাত্র সাতটি জাহাজ যেখানে আগের দিন ঝুঁকি এড়াতে ট্রান্সপন্ডার বন্ধ রেখে মাত্র তিনটি জাহাজ চলাচল করেছে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button