আইন-আদালত

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি মামুন

ঢাকা, ১৫ এপ্রিল – ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বুধবার এই তথ্য জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের সেই নারকীয় ঘটনায় সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য ও প্রমাণ পাওয়া যাচ্ছে। ওই হত্যাকাণ্ড বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল।

তিনি আরও বলেন, এই মামলায় সুনির্দিষ্টভাবে কারা আসামি হচ্ছেন তা এখনই প্রকাশ করা সম্ভব না হলেও তৎকালীন অনেক পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে অন্য একটি মামলায় কারান্তরীণ রয়েছেন।

গত বছরের ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ওই একই মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

র‍্যাবে কর্মরত থাকাকালীন ক্রসফায়ারের ঘটনা এবং গুমের সাথেও সাবেক এই আইজিপির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, যার বিরুদ্ধেই অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। সে ব্যক্তি বেসামরিক নাগরিক হোক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কাউকে ছাড় দেওয়া হবে না।

শাপলা চত্বরের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুন আদালতে দাখিলের কথা রয়েছে। তবে চিফ প্রসিকিউটর আশা করছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।

উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসামি হিসেবে রয়েছেন।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language