দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

ঢাকা, ১৫ এপ্রিল – দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং অপর দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
গত ১৪ এপ্রিল সকাল আটটা থেকে আজ ১৫ এপ্রিল সকাল আটটা পর্যন্ত এই পরিসংখ্যান পাওয়া গেছে। একই সময়ে সারা দেশে ৬৬৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং নতুন করে ৭৬ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬১ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সারা দেশে গত এক দিনে মোট ১ হাজার ৩২ জনের মধ্যে হামের লক্ষণ দেখা দিয়েছে যার মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৬৬৬ জন রোগীর মধ্যে ৩১৫ জনই এই বিভাগের। ময়মনসিংহ বিভাগে সবথেকে কম মাত্র একজন রোগী ভর্তি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩২ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১৬৬ জন শিশু। গত এক মাসে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে ১২ হাজার ৩১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে এবং ৯ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬









