শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

বগুড়া, ১৪ এপ্রিল – শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলি উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ পাওয়া গেল। কৃষকদের কার্ড প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন হালখাতা খুললেন বলে মন্তব্য করেন তিনি।
কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা খুব সহজেই কৃষকদের কাছে পৌঁছে যাবে। এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষকদের প্রসঙ্গে তিনি জানান, শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপরও জোর দেন তিনি। তাদের শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করে এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি প্রতিটি উপজেলায় পরীক্ষা নেওয়ার সুবিধার্থে মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
এহছানুল হক মিলন আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিকভাবে পাঠদান নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, বগুড়াকে শিক্ষা ক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করা হবে এবং এই অঞ্চলকে কেন্দ্র করে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









