যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ২৭০ বিলিয়ন ডলার ক্ষতি: দাবি তেহরানের

তেহরান, ১৪ এপ্রিল – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ফলে ইরানের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো চূড়ান্ত নয় এবং এটি ভবিষ্যতে আরও বাড়তে পারে। ইরানের মধ্যস্থতাকারী দল বর্তমানে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বিশেষ করে ইসলামাবাদের শান্তি আলোচনায় এই ইস্যুটি দৃঢ়ভাবে উত্থাপন করা হয়েছে। ইরানের বর্তমান নেতৃত্ব এই সংকট নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েকটি কঠিন শর্ত আরোপ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হামলার কারণে হওয়া ২৭০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকারের স্বীকৃতি প্রদান এবং দেশটির ওপর আরোপিত সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
বিশ্লেষকদের মতে ইরান শান্তি আলোচনার ক্ষেত্রে একটি সর্বোচ্চ দাবির কৌশল গ্রহণ করেছে। একদিকে যেমন ক্ষয়ক্ষতির বিশাল অঙ্ক সামনে আনা হয়েছে অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ও অর্থনৈতিক অবরোধমুক্ত হওয়ার বিষয়টিকেও আলোচনার টেবিলে প্রধান শর্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ছয় সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে ইরানের এই নতুন দাবি পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় তা এখন দেখার বিষয়। মূলত নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং অর্থনৈতিক মেরুদণ্ড পুনর্গঠনের লক্ষ্যেই তেহরান এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









