জাতীয়

আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল, ১৪ এপ্রিল – আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া অন্যতম এই প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি সরকারের প্রথম সপ্তাহে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন ১২ লাখ কৃষক।

তিনি আরও জানান, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। দেশি বিদেশি বিনিয়োগকারীদের কোল্ড স্টোরেজ তৈরিতে আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। একইসঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language