ইউরোপ

বেইজিং সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ, আলোচনায় যুদ্ধ পরিস্থিতি

মস্কো, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ১৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চীনে অবস্থান করবেন।

এই সফরে তিনি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় এবং নিজেদের অবস্থান সমন্বয় করবেন।

অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতার এই বৈঠকে ইউক্রেন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। উল্লেখ্য, বেইজিং এবং মস্কো অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের পর থেকে এই দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক আরও বেশি দৃঢ় হয়েছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language