মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে

তেহরান, ১৩ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই গভীর আশঙ্কার কথা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি নিয়ে চরম অনিশ্চয়তা এবং জ্বালানি ও খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্বকে এক ভয়ংকর ত্রিমুখী ধাক্কার দিকে ঠেলে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএনডিপির প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু জানিয়েছেন, এই যুদ্ধ বিশ্বব্যাপী উন্নয়নের স্বাভাবিক গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। সংঘাত যদি এখনই থেমেও যায়, তবুও এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব থেকে যাবে। দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে যারা দারিদ্র্য জয় করে উঠে এসেছিলেন, তারাই আবার নতুন করে এর নির্মম শিকার হচ্ছেন যা অত্যন্ত হৃদয়বিদারক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তেহরানে হামলার পর গত ছয় সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী আকার ধারণ করেছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে তেল ও গ্যাস সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে সার উৎপাদন ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তার চরম সংকট তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের দৈনিক আয় ৮ দশমিক ৩০ ডলারের নিচে থাকা মানদণ্ড অনুযায়ী দারিদ্র্যের এই নতুন হার গণনা করা হয়েছে। ইউএনডিপির মতে, যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হলে ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দরিদ্র হবে।

একইসঙ্গে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশসহ মোট ৩৭টি জ্বালানি আমদানিকারক রাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। এই গভীর সংকট মোকাবেলায় দরিদ্র পরিবারগুলোর জন্য অন্তত ৬ বিলিয়ন ডলার নগদ অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে ইউএনডিপি। তবে উন্নত দেশগুলো নিজেদের সামরিক ব্যয় বাড়াতে গিয়ে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ কমিয়ে দিচ্ছে। আগামী বছরগুলোতে উন্নত দেশগুলোর এই সাহায্যের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আলেকজান্ডার ডি ক্রু সতর্ক করে বলেছেন, উন্নয়নে বিনিয়োগ করা মানেই সংঘাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। দারিদ্র্য বিমোচনে বিনিয়োগ না করলে বিশ্ব তার স্থিতিশীলতা হারাবে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language