জাতীয়

সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই

ঢাকা, ১২ এপ্রিল – সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান শারীরিক অসুস্থতার কারণে শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language