জুলাই অভ্যুত্থান রক্ষায় আমরা আবারও রাজপথের জন্য প্রস্তুত: নাহিদ ইসলাম

ঢাকা, ১২ এপ্রিল – বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা আবারও নতুন করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশকে রক্ষা করার স্বার্থে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। এটি নির্দিষ্ট কোনো দল বা জোটের বিষয় নয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় হয়তো আমরা আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারিনি, তবে আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বললেও, জুলাই যোদ্ধাদের জন্য এবং রাষ্ট্র সংস্কারে তারা অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি কী করছে, তা আমরা দেখতে চাই।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকার সেসব কিছুটা বাস্তবায়নের চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে তাদের অনীহা স্পষ্ট। উপস্থিত শহীদ পরিবার ও যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা রাজপথের আন্দোলনে সন্তান বা অঙ্গ হারিয়েছেন, এবার আর আপনারা সামনে থাকবেন না। এবার সামনের সারিতে থাকব আমরা।
গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের সহযোগিতা ও দোয়া করবেন। নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শুধু বিএনপি নয়, অন্য যেকোনো দেশি বা বিদেশি পরাশক্তি হোক না কেন, আমরা তাদের পরাজিত করব। উল্লেখ্য, এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









