জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ আসাদুল হাবিব দুলু, আনা হচ্ছে ঢাকায়

লালমনিরহাট, ১১ এপ্রিল – দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অস্বস্তি বোধ করেন।

দুপুর বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। দলীয় সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত সফরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকায় পৌঁছানোর পর তাকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করা হবে। এই আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনি এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language