শিক্ষা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ঢাকা, ১১ এপ্রিল – ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, আওতাধীন কলেজের নাম ও কোড এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র ও উত্তরপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করতে হবে। প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা সাতটার মধ্যে ডাকযোগে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। এছাড়া উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং শেষে যাবতীয় নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে। নির্দেশনায় আরও বলা হয়, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোনো অধ্যাপক পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হবেন।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language