ইরানের সহযোগিতা ছাড়াই শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে: ট্রাম্প

ওয়াশিংটন, ১১ এপ্রিল – ইরান সহযোগিতা করুক বা না করুক খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে মারাত্মক অস্থিরতা দেখা দিয়েছে। গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরের পরপরই এই প্রণালী খুলে দেওয়ার কথা ছিল।
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র উপসাগর খুলে দেবে এবং এ কাজে অন্যান্য দেশও সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তিনি স্বীকার করেন কাজটি সহজ হবে না তবে দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। কীভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে প্রণালীতে ইরানের টোল আরোপের পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
তেহরান এর আগে ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে সমঝোতা হলেও এই জলপথ দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য তারা ফি আদায় করবে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প বলেন তারা এমনটা করতে চাইলেও আমরা তা হতে দেব না। বাজার বিশ্লেষণ সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে।
যুদ্ধবিরতি শুরুর পর থেকে মাত্র ২২টি জাহাজ এই প্রণালী ত্যাগ করেছে যেখানে যুদ্ধের আগে দৈনিক প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে প্রণালী অবরুদ্ধ থাকায় উপসাগরে ৩২৫টি ট্যাংকারসহ ৬০০টির বেশি জাহাজ আটকে রয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









