মধ্যপ্রাচ্য

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট এক হাজার ঘণ্টা ছাড়াল, তৈরি হলো নতুন রেকর্ড

তেহরান, ১১ এপ্রিল – ইরানে সরকারি নির্দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন ওয়েবসাইট বন্ধ রাখার সময়সীমা এক হাজার ঘণ্টা ছাড়িয়ে গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম ডন ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর থেকে ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারের ওপর এই বিধিনিষেধ অব্যাহত রয়েছে।

বর্তমানে দেশটির সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। নেটব্লকস জানিয়েছে এটি কোনো দেশে রেকর্ড করা দীর্ঘতম এবং নজিরবিহীন ইন্টারনেট সেন্সরশিপ। বিশ্বের অন্য কোনো দেশে এর আগে এত দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় পর্যায়ে এমন ব্যাপক ইন্টারনেট বিধিনিষেধের নজির দেখা যায়নি। সংস্থাটির মতে সরকারি এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মূলত তথ্যের অবাধ প্রবাহ রোধ করতেই সরকার এই কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেট অধিকার কর্মীরা একে বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইন্টারনেট সীমিতকরণের ফলে দেশটির অর্থনীতি ও শিক্ষাখাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে নেটব্লকসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language