জাতীয়

বাজারে সোনালি মুরগির দামের ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ১৪০ টাকা

ঢাকা, ১১ এপ্রিল – বাজারে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে সোনালি মুরগির দাম। মাত্র এক মাসের ব্যবধানে প্রতি কেজি সোনালি মুরগির দাম বেড়েছে প্রায় ১৪০ টাকা। ঈদের আগে যে মুরগি বিক্রি হয়েছিল ৩০০ থেকে ৩২০ টাকায়, বর্তমানে তা কিনতে হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকায়। দামের এই আকস্মিক ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই অতিরিক্ত দামের কারণে মুরগি না কিনে ফিরে যাচ্ছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প খুঁজছেন।

কৃষি বিপণন অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় বাজারে সোনালি মুরগির দাম প্রায় ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত এক মাসে এই বৃদ্ধির হার ২৭ শতাংশ। সাধারণত ঈদের পর মুরগির দাম কমার কথা থাকলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিক্রেতাদের দাবি, বিভিন্ন পোল্ট্রি খামারে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেওয়ায় সোনালি মুরগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পাইকারি বাজারে সরবরাহের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

এছাড়া পরিবহন ব্যয় বৃদ্ধিও দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা। রাজধানীর কলতাবাজার ও নারিন্দা বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২২০ থেকে ২৪০ টাকার মধ্যে থাকলেও, সোনালি মুরগি ৪২০ থেকে ৪৪০ টাকা এবং দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামের কারণে খুচরা পর্যায়ে মুরগি বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language