ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ইন্টার্নদের বিক্ষোভের ডাক

ঢাকা, ১১ এপ্রিল – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। শনিবার সকাল সাড়ে দশটায় এই কর্মসূচি পালিত হবে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম ওই বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বরে ইন্টার্ন, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একদল যুবক অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী অসুস্থ এক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এই হামলা চালিয়েছেন। হামলায় অন্তত দুজন চিকিৎসক আহত হন। এই ঘটনার সঙ্গে অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব, সদস্য মাহাদী হাসান সানিম এবং মোবিন মিয়ার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডা. নাদিম আহমেদকে এই কমিটির প্রধান করা হয়েছে। শনিবার এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬









