লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

ঢাকা, ১১ এপ্রিল – লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে আকবর হোসেন জানান যে ব্যক্তিগত ও পারিবারিক কারণে লন্ডনে এই দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ প্রদান করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল যে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিয়োগ পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









