আলোচনার জন্যই বেঁচে আছেন ইরানের নেতারা: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের নিজস্ব কোনো শক্ত অবস্থান নেই এবং দেশটির নেতাদের কেবল আলোচনার স্বার্থেই বাঁচিয়ে রাখা হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, ইরানিরা হয়তো অনুধাবন করতে পারছে না তাদের প্রকৃত অবস্থা। তার মতে, কিছুদিনের জন্য হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের আর কোনো শক্ত ভিত্তি নেই।
তিনি আরও দাবি করেন যে, ইরানের নেতারা শুধুমাত্র আলোচনার জন্যই টিকে আছেন। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া অপর এক পোস্টে ট্রাম্প ইরানকে নিয়ে আরও কঠোর সমালোচনা করেন। সেখানে তিনি দাবি করেন যে, ইরানিরা দক্ষ যোদ্ধার চেয়ে বরং মিথ্যা গণমাধ্যম পরিচালনা এবং গণযোগাযোগের ক্ষেত্রেই বেশি পারদর্শী।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আসন্ন আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে নতুন করে আরও শক্তিশালী অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।
ইসলামাবাদের আলোচনা সফল হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন যে, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে। তিনি আরও জানান যে, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি পুনরায় ঢেলে সাজানো হচ্ছে। যুদ্ধজাহাজগুলোতে ইতিহাসের সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক সমরাস্ত্র মজুত করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যে, যদি কোনো গঠনমূলক চুক্তি না হয় তবে অত্যন্ত কার্যকরভাবে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে।
এনএন/ ১০ এপ্রিল ২০২৬









