জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮

ঢাকা, ১০ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

একই সময়ের মধ্যে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৭ জন রোগী। তাদের মধ্যে ১৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর প্রাণহানি ঘটেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৪৪ জন শিশু।

সরকারি এই সংস্থার হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৪০৯ জনের হাম শনাক্ত করা হয়েছে।

পাশাপাশি ১৩ হাজার ৪৯৭ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৬০৯ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language