মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

নেপিদো, ১০ এপ্রিল – মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার বার্তাসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন তিনি। ওই ঘটনার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো চলছে।
প্রায় পাঁচ বছর বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশ পরিচালনার পর চলতি বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়। তবে এই নির্বাচনে অং সান সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ফলে সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররাই এই একপেশে নির্বাচনে জয়লাভ করে। শুক্রবার রাজধানী নেপিদোর পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সি মিন অং হ্লাইং শপথ নেন। শপথবাক্য পাঠ করার সময় তিনি দেশে ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি নিজেকে দেশের সেবায় নিয়োজিত করার ঘোষণা দেন। শপথ নেওয়ার আগে তিনি সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এদিকে সোমবার থেকে মিয়ানমারের নববর্ষ উৎসব থিনগিয়ান শুরু হতে যাচ্ছে। অন্যদিকে গণতন্ত্র নিরীক্ষক সংস্থাগুলো এই নির্বাচন ও ক্ষমতা গ্রহণকে সম্পূর্ণ প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই।
এস এম/ ১০ এপ্রিল ২০২৬









