বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন

ঢাকা, ৭ এপ্রিল – বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক পদে বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ এবং পরিচালক (অর্থ) পদে হাবিব উল্লাহ মনজুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কাইজার সোহেল আহমেদকে অন্য সব ধরনের পেশা, ব্যবসা এবং সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
একইভাবে উপব্যবস্থাপনা পরিচালক পদে সৈয়দ মইন উদ্দিন আহমেদকেও অন্য সব পেশাগত সম্পর্ক ত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে।
এই নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থাটির শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হলো।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









