জাতীয়

ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ এপ্রিল – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ত্যাগ করছেন। আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গন্তব্যে পৌঁছানোর আগে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র ভবিষ্যতে আরও ফলপ্রসূ এবং টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এই সফর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরিশাস সম্মেলন এবং ভারত সফরে সঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language