অস্ট্রিয়ার রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দেলুপি

ঢাকা, ৭ এপ্রিল – নেদারল্যান্ডসের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র দেলুপি। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬ আসরে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। এই চলচ্চিত্র উৎসব চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
সিনেমাটির নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে দেলুপি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এর আগে চলতি বছরে নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়ে দর্শক ও আন্তর্জাতিক সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ।
সাফল্যের এই ধারাবাহিকতা প্রসঙ্গে নির্মাতা তাওকীর জানান, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এটি বাংলা ভাষার চলচ্চিত্র ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন বলে তিনি মনে করেন।
খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে দেলুপি। সিনেমার চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাবের মতো বিষয়গুলো গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে।
ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় এবং পরবর্তীতে ঢাকার দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা অর্জন করে।
মূলত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে দর্শক মহলে ব্যাপক আলোচনায় এসেছিলেন।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









