চুক্তি না করলে এক রাতে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের

ওয়াশিংটন, ৭ এপ্রিল – নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে এক রাতের মধ্যে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ইরানকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা বিষয়টি নিয়ে আলোচনাও করছেন।
তবে ট্রাম্পের এই বক্তব্যের পরপরই ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো চুক্তি করতে হলে হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।
অন্যদিকে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে, ধ্বংস করা হবে তাদের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র।
বিশ্লেষকদের মতে, সামরিক কারণ ছাড়া এ ধরনের বেসামরিক স্থাপনায় হামলা চালালে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এনএন/ ৭ এপ্রিল ২০২৬









