ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবিতে আইনি নোটিশ

ঢাকা, ৬ এপ্রিল – হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
সোমবার ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী সংশ্লিষ্টদের প্রতি এই নোটিশ পাঠান।
ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান সারা দেশে হঠাৎ বিলুপ্তপ্রায় রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ব্যক্তিগত খাতে হস্তান্তরের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সব উপদেষ্টা এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬









