সিলেটে হামে আক্রান্ত হয়ে প্রথম মৃ*ত্যু, ওসমানী হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু

সিলেট, ৬ এপ্রিল – সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শিশুটি মারা যায় যা সিলেটে হামে মৃত্যুর প্রথম ঘটনা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান যে দুদিন আগে হাম ও হৃদযন্ত্রের নানা জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। অন্যদিকে সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতির অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগীর শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সব মিলিয়ে ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ল্যাব পরীক্ষার মাধ্যমে বিভাগে এখন পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম শনাক্ত হয়েছে। হাম রোগীদের চিকিৎসায় ওসমানী হাসপাতালে একটি আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিটটির কার্যক্রম শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









