জাতীয়

সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনার দাবি শফিকুর রহমানের

ঢাকা, ৫ এপ্রিল – ১৩৩টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি জানান, ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটির রিপোর্ট স্পিকার অনুমোদন করেছেন। ওই রিপোর্টে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিলুপ্ত বা ল্যাপস করার প্রস্তাব রয়েছে, যেগুলো জুলাই স্পিরিটের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সম্পূরক কার্যসূচিতে কিছু বিল সামনে আনা হয়েছে যা মূলত অধ্যাদেশকে কেন্দ্র করেই তৈরি। তাই ল্যাপসের তালিকায় থাকা অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শুরুতে আইনমন্ত্রী এই প্রস্তাবের প্রেক্ষিতে জানান যে বিরোধীদলীয় নেতার উল্লেখিত দুটি বিল সম্পূর্ণ নতুন এবং ১৩৩টি অধ্যাদেশের অংশ নয়। তিনি আরও জানান, ল্যাপস হওয়া বা সংরক্ষিত অধ্যাদেশগুলো পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে সংসদে উপস্থাপন করা হবে এবং যথাসময়ে জবাব দেওয়া হবে। তবে আসরের নামাজের বিরতির পর আইনমন্ত্রী তার বক্তব্য সংশোধন করে জানান, উল্লেখিত দুটি আইন প্রকৃতপক্ষে ওই ১৩৩টি অধ্যাদেশেরই অন্তর্ভুক্ত ছিল।

এরপর বিরোধীদলীয় নেতা পুনরায় জোর দিয়ে বলেন, বিলুপ্তির জন্য প্রস্তাবিত প্রতিটি অধ্যাদেশ জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে যুক্ত। তাই এগুলো সংসদে উত্থাপন করে বিস্তারিত আলোচনার দাবি জানান তিনি।

জবাবে আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেন, প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে এবং প্রথম ও দ্বিতীয় রিডিংয়ের সময় আলোচনার সুযোগ দেওয়া হবে। বর্তমানে বিল আকারে আসা দুটি অধ্যাদেশ বিশেষ কমিটি নিঃশর্তভাবে পাস করার পক্ষে মত দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে জানান, আগামী ৯ তারিখের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে, তাই বিষয়গুলো পরবর্তীতে বিবেচনা করা হবে।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language