শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ এপ্রিল – মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।
তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। ব্যবসায়ীরা প্রস্তাব দিয়েছিলেন যে প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় তারা দোকানপাট খুলতে রাজি আছেন কিন্তু ব্যবসা পরিচালনার জন্য তাদের রাত ৮টা পর্যন্ত সময় প্রয়োজন।
সাংবাদিকদের ব্রিফিংকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন দোকান মালিক সমিতি সরকারের কাছে একটি আবেদন করেছিল যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হলেও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আবেদন বিবেচনা করে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে প্রতিমন্ত্রী দেশবাসীকে নিজ বাসাবাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। জ্বালানি সাশ্রয় করা গেলে আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









