গাজীপুর

গাজীপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন, টিকার ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজীপুর, ৫ এপ্রিল – দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুস্থ থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, সরকার এই বিষয়ে পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে এবং দেশে টিকার কোনো ধরনের ঘাটতি হবে না।

রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, এই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সার্বিক সহযোগিতা প্রদান করছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২ মে পর্যন্ত চলমান থাকবে।

এর মাধ্যমে সম্পূর্ণ গাজীপুর জেলায় মোট ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর দুই আসনের সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীন। এছাড়াও জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language