জাতীয়

জ্বালানিসংকটে আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস ও ব্যাংক

ঢাকা, ৫ এপ্রিল – মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার থেকে সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগে স্বাভাবিক সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলত। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। তবে জরুরি পরিসেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী, ওষুধ বহনকারী যানবাহন এবং গণমাধ্যমের মতো জরুরি সেবার ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য হবে না।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অফিস, ব্যাংক, মার্কেট ও আমদানিসহ বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো বিস্তারিত তুলে ধরেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে দেশের সব শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের মতো জরুরি সেবাগুলো এর আওতার বাইরে থাকবে।

স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে তারা শুল্কমুক্ত সুবিধায় বাস আমদানি করতে পারবে। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে সরকারিভাবে নতুন করে কোনো যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটারসহ নতুন সরঞ্জাম কেনা বন্ধ থাকবে।

সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ আপাতত স্থগিত করার পাশাপাশি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে। সভা ও সেমিনারের ব্যয় ৫০ শতাংশ এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের জ্বালানি চাহিদা মেটাতে কাজাখস্তান থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language