জাতীয়

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. ইউনূসকে আন্দোলনে নামার আহ্বান নাহিদের

ঢাকা, ৪ এপ্রিল – ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুরুত্বপূর্ণ একটি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার দুপুরে তিনি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিকভাবে এই অধ্যাদেশ বাতিলের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা কোনোভাবেই উচিত নয়।

তিনি বিএনপির কড়া সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় থাকার সময় নিজেদের মতো করে অধ্যাদেশ তৈরি করেছিল এবং নানা কৌশলে আবার ক্ষমতায় এসেছে।

বিরোধীদলীয় চিফ হুইপ জানান, তাদের দাবি ছিল রাষ্ট্রের সংস্কার আর বিএনপির দাবি ছিল দ্রুত নির্বাচন। কিন্তু দুই তৃতীয়াংশ সমর্থন পাওয়ার পর বর্তমান সরকার কোনো কিছুরই তোয়াক্কা করছে না। এমনকি জুলাই সনদ অনুযায়ী গণভোটের বিষয়টিও মানা হচ্ছে না। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার এবং সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে তোলা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপির অনেক নেতাই গুমের শিকার হয়েছেন। অথচ সেই গুম প্রতিরোধ অধ্যাদেশও বাতিল করার পাঁয়তারা চলছে। এই অধ্যাদেশগুলো আইনে পরিণত না হলে দল হিসেবে বিএনপি কখনোই কলঙ্কমুক্ত হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language