জাতীয়

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ঢাকা, ৪ এপ্রিল – রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হলেও নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় জানতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত এক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। আগুনের ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট একযোগে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সাতটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language