জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও শপথ ভঙ্গের অভিযোগ আইনজীবীদের

ঢাকা, ২ এপ্রিল – সদ্যোবিদায়ি অন্তর্বর্তী সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান অন্যায্য সুবিধা আদায় করেছে বলে অভিযোগ করেছেন দেশের দুজন বিশিষ্ট আইনজীবী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এবং ড. শাহদীন মালিক দাবি করেছেন, প্রধান উপদেষ্টার পদে থেকে এমন কর্মকাণ্ড সরাসরি স্বার্থের সংঘাত এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আইনজীবী মনজিল মোরসেদ জানান, জনগণের প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনার বিষয়টি সংবিধানের মৌলিক চেতনা।

রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের শপথ নিতে হয় যাতে তাদের ব্যক্তিগত স্বার্থের সঙ্গে জনগণের স্বার্থের সংঘাত না ঘটে। কোনো লাভজনক পদে থাকলে তা ছেড়ে দেওয়ার শর্ত থাকে যেন সরকারি পদের ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত না হয়। তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে নিজের স্বার্থে বিভিন্ন কাজ করেছেন। গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার পদক্ষেপকে তিনি জনগণের ও রাষ্ট্রের বিরুদ্ধে নেওয়া একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে তিনি জনগণের মালিকানা কমিয়ে নিজের মালিকানা বাড়িয়েছেন বলে দাবি করেন এই আইনজীবী।

মনজিল মোরসেদ আরও বলেন, নির্বাচিত সরকারের উচিত ড. ইউনূসের সময়কালের এমন সব স্বার্থের সংঘাতপূর্ণ কাজ বাতিল করা। সরকার যদি তা না করে, তবে নাগরিকদের পক্ষ থেকে দাবি তোলা উচিত এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে এসব কর্মকাণ্ড চ্যালেঞ্জ করা যেতে পারে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক সংবিধানের ১৪৭ ধারার কথা উল্লেখ করে বলেন, কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন লাভজনক কোনো কাজে নিয়োজিত হতে পারবেন না।

ড. ইউনূস সরাসরি বা পরোক্ষভাবে তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানকে আর্থিক সুবিধা পাইয়ে দিয়ে এই ধারার বরখেলাপ করেছেন। শাহদীন মালিক আরও জানান, ড. ইউনূস বর্তমানে সরাসরি গ্রামীণের সঙ্গে যুক্ত না থাকলেও, গ্রামীণের টেলিকম, বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। সাধারণ মানুষের ধারণা তিনি এসব প্রতিষ্ঠান থেকে সুবিধা নিচ্ছেন, যা একটি অসাংবিধানিক কাজ। দেশের শীর্ষস্থানীয় এই আইনজীবীরা মনে করেন, সাংবিধানিক পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড কখনোই কাম্য নয় এবং তা শপথ ভঙ্গের শামিল।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language