মৃত্যুদণ্ড বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

ঢাকা, ১ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থান দমনের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলির মাধ্যমে আওয়ামী লীগ সভাপতির পক্ষে এই চিঠি পাঠানো হয়েছে।
গত ৩০ মার্চ ইমেইল যোগে পাঠানো ওই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত বিচার এবং মৃত্যুদণ্ডের রায়কে আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে দাবি করা হয়েছে যে রাজনৈতিক বৈরী পরিবেশে এই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং বিচার প্রক্রিয়াটি পুরোপুরি অবৈধ।
উল্লেখ্য যে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ ও প্ররোচনার অভিযোগে গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে।
২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ করে আসছেন।
কিংসলি ন্যাপলি তাদের চিঠিতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে চারটি প্রধান যুক্তি তুলে ধরেছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতার অভাব, প্রসিকিউশনের পক্ষপাতিত্ব, যথাযথ আইনি প্রক্রিয়ার বঞ্চনা এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থতার কথা বলা হয়েছে। এছাড়াও ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি তাজুল ইসলামের রাজনৈতিক অতীত এবং বিচার চলাকালে প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয় যে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়নি এবং তার পক্ষে কোনো আইনজীবীকে লড়ার সুযোগ দেওয়া হয়নি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথাও সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়।
অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে আগামী ১৪ দিনের মধ্যে এই চিঠির বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে ট্রাইব্যুনালকে অনুরোধ করেছে কিংসলি ন্যাপলি। একইসঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার পরিচালনা ও অধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









