ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়া হবে: হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১ এপ্রিল – ইরানের একটি ওষুধ কোম্পানিতে দখলদার ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে।
মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি উল্লেখ করেন, ইসরায়েলি যুদ্ধাপরাধীরা এখন প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ওষুধ কোম্পানিতেও বোমা হামলা চালাচ্ছে, যার মাধ্যমে তাদের অসৎ উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে।
তিনি আরও মনে করিয়ে দেন যে, ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ ও নিরস্ত্র নয়। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের এই অপরাধের কঠোর শাস্তি দেবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তবে যদি কোনো চুক্তি না হয়, তবে ইরানের সঙ্গে বোমা হামলার মাধ্যমেই আলোচনা চালিয়ে যাওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা ট্রাম্পের দেওয়া শর্ত অনুযায়ীই হতে হবে।
এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত বার্তা দিয়েছে যে, তাদের শর্ত মেনে না নিলে আক্রমণ অব্যাহত থাকবে। এমনকি আলোচনার সুযোগ তৈরি করতেও হামলা বন্ধ করা হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইরানে সম্ভাব্য স্থল হামলার বিষয়ে প্রশ্ন করা হলে হেগসেথ জানান, প্রয়োজন হলে সেনা পাঠানো হতে পারে, তবে এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









