গোপালগঞ্জ

গোপালগঞ্জে অবৈধভাবে তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ, ৩১ মার্চ – গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৫১০ লিটার জ্বালানি তেল স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। সোমবার গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার রাজপাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এই অভিযানের নেতৃত্ব দেন। জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের মো. আলমগীর মোল্লা এবং একই গ্রামের রবিউল ইসলাম। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, রাজপাট বাজারে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

মজুত করা ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করার পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে ওই ব্যবসায়ী মুক্তি পান। অন্যদিকে একই বাজারে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ী রবিউল ইসলামকে আরও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও বাজারে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language