তুরস্কের আকাশে ন্যাটোর সাহায্যে চতুর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

আঙ্কারা, ৩০ মার্চ – ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
সোমবার পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয় বলে দাবি করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে, সংঘাত শুরুর পর থেকে তুরস্কের দিকে ধেয়ে আসা এটি চতুর্থ ক্ষেপণাস্ত্র যা ন্যাটো ভূপাতিত করল। এর আগে চলতি মাসেই আরও তিনটি ক্ষেপণাস্ত্র একইভাবে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে এবং ধ্বংস করা হয়। ওই ঘটনার পর আঙ্কারা কড়া প্রতিবাদ জানিয়ে তেহরানকে সতর্ক করেছিল।
তবে আগের তিনটি ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তারা জানায়, এ ধরনের কোনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুমতি দেওয়া হয়নি।
এদিকে এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভূখণ্ডে যেকোনও হুমকির বিরুদ্ধে কঠোর এবং দ্বিধাহীনভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬








