শিক্ষা

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিতের নির্দেশ

ঢাকা, ৩০ মার্চ – সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্বানুমোদন ছাড়া দেশে পরিচালিত সকল দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। একই সঙ্গে বৈধতা পেতে এসব প্রতিষ্ঠানকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার কথা বলা হয়েছে।

আদেশে জানানো হয় যে কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই দেশে বেশ কয়েকটি দেশি ও বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার এবং টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের একটি তালিকা কমিশনের হাতে এসে পৌঁছেছে।

ইউজিসি আরও জানায় বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা ২০১৪ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালার শর্ত অনুযায়ী অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে ২০২৬ সালের ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন দাখিল করতে হবে।

কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে। এই নির্দেশ অমান্য করে অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে কমিশন।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language