জাতীয়

সময়মতো টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ডা. রফিকুল ইসলাম

রাজশাহী, ৩০ মার্চ – অন্তর্বর্তীকালীন সরকারের সময়মতো টিকা প্রদানে ব্যর্থতার কারণেই দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা জানলেও ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহের বদলে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত এবং টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্তদের এক বছরের আন্দোলনের কারণে এই কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে সংক্রামক এই রোগের বিস্তার ঘটার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হাম পরিস্থিতি নিয়ে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের টিকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে চার মাস বয়সি শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কেন এমন সংক্রমণ ঘটছে, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি।

সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি জানান, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় একজনের থেকে আরও ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী এখানে চিকিৎসাধীন আছেন। এটি স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে ১২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পরিস্থিতি পর্যালোচনা করছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদন পেলেই হামের প্রকৃত পরিস্থিতি জানা যাবে। এ ছাড়া হাসপাতাল পরিচালককে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে আবেগপ্রসূত বলে মন্তব্য করেন তিনি। এর আগে তিনি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language