ঝালকাঠি

ঝালকাঠিতে নদীতে নিখোঁজের তিন দিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

ঝালকাঠি, ৩০ মার্চ – ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলিফ নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয়রা নদী থেকে ওই কিশোরের ভাসমান মৃতদেহ উদ্ধার করেন।

১৫ বছর বয়সী আলিফ হবিগঞ্জের একটি মাদরাসায় আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলিফের বাবা সেলিম হাওলাদার ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের পাঁচ দিন আগে আলিফ তার পরিবারের সঙ্গে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে।

গত শনিবার দুপুরে সে তার ছোট ভাই আলফিন এবং খালাতো ভাই টুকটুকের সঙ্গে গাবখান নদীতে গোসল করতে নামে। আলিফ সাঁতার জানত না বলে একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালায়, কিন্তু তারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

নিখোঁজের তিন দিন পর সোমবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করেন। এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব হোসেন জানান, নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language