মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে শাহজালালে ৮৫৮ ফ্লাইট বাতিল

ঢাকা, ৩০ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই অঞ্চলের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের সরাসরি ও ব্যাপক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা থেকে সর্বমোট ৮৫৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সর্বশেষ সোমবার ৩০ মার্চ ঢাকা থেকে মোট ১৮টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
বাতিল হওয়া এই ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতের দুটি, শারজাহর এয়ার অ্যারাবিয়ার চারটি, বাহরাইনের গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনসের দুটি এবং কুয়েতের জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন উল্লেখযোগ্য হারে ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে মার্চ মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই বহু ফ্লাইট বাতিল হয়েছে। যেমন ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। একইভাবে ৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৬টি করে ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।
আকাশসীমার এই সংকট স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









