জাতীয়

ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

ঢাকা, ২৯ মার্চ – ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ দেশের মোট পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম প্রকাশ করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে আরিফুল ইসলাম আদীবের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল জাতীয় নাগরিক পার্টির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে বর্তমান সরকার বিভিন্ন সিটিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রশাসনকে পুরোপুরি দলীয়করণ করেছে।

তিনি দাবি করেন নির্বাচনে কোনো প্রশাসক প্রার্থী হতে পারবেন না এবং দলীয় প্রতীকেও কোনো নির্বাচন করা যাবে না। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language