দক্ষিণ আমেরিকা

নেপালে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, শিক্ষাব্যবস্থায় বড় সংস্কারের ঘোষণা

কাঠমান্ডু, ২৯ মার্চ – নেপালের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্রসংগঠন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির নবগঠিত সরকার। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার প্রথম মন্ত্রিসভা বৈঠকেই দেশের শিক্ষাব্যবস্থায় এমন ব্যাপক পরিবর্তনের ঘোষণা দেন। বর্তমান সরকার ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে যার বড় একটি অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত। শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানো এবং পড়াশোনাকে আনন্দদায়ক করার লক্ষ্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে।

এর বদলে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশন জট কমিয়ে আনতে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য নাগরিকত্ব সনদের প্রয়োজনীয়তা বাতিল করা হয়েছে। শিক্ষকদের পেনশন ও রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতি আগামী অর্থবছর থেকে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। এসব সংস্কারের মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাধর্মী করে তোলা।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন যে আগামী ৯০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। মূলত একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া বা দলীয় আনুগত্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে জনসেবা খাতে বিদ্যমান দলীয় ট্রেড ইউনিয়নগুলোও বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ পেশাদার করে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language