মধ্যপ্রাচ্য

তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণ, পাহাড়ি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী

তেহরান, ২৯ মার্চ – ইরানের রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার ভোরে এই শক্তিশালী বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

অন্যদিকে, বার্তাসংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, উত্তর তেহরানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তারা বিকট শব্দ শুনতে পান। ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় থাকতে দেখা যায়। তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

পরবর্তীতে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। ওই এলাকায় সামরিক স্থাপনার পাশাপাশি সাধারণ মানুষের বসতিও রয়েছে। ফলে নতুন করে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে এই অঞ্চলে সংঘাত চলছে। এক মাসেরও বেশি সময় ধরে চলমান এই সংঘর্ষে তেহরানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এতে সামরিক ও হাজার হাজার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language