নড়াইল

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ

নড়াইল, ২৯ মার্চ – নড়াইলের সদর উপজেলায় জ্বালানি তেল না থাকাকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিহাদুল ইসলাম নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজসংলগ্ন এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. জসিমউদদীন জানান, ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে এলে মজুত না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই চালক হুমকি দেয় যে তেল না দিলে ট্রাকের নিচে চাপা দিয়ে মেরে ফেলা হবে। পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম জানান, হুমকির পর ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিল। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে কাজ শেষে নাহিদ তার ভাইয়ের বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন। তখন সুজাত তার ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। সন্দেহ হওয়ায় জসিমউদ্দীন ও সোহান অন্য একটি মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন। তারা দেখতে পান, সুজাত তার ট্রাক দিয়ে নাহিদকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলেই নাহিদ নিহত হন এবং জিহাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জিহাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নিহত নাহিদের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, ট্রাকচালক সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language