দিনাজপুর

বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬

দিনাজপুর, ২৯ মার্চ – দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবুর পরিচয় জানা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, দিনাজপুর শহর থেকে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। চন্ডিপুর এলাকায় পৌঁছানোর পর বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত ছয়জন যাত্রী। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেলেও অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বর্তমানে আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language