৩০ মার্চ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ মার্চ – আগামী ৩০ মার্চ ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন ১২৯ জন ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেসব জাতীয় ক্রীড়াবিদ দীর্ঘ সময় ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন পদক জয় করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।
পাশাপাশি তাদের সম্মানার্থে একটি বিশেষ ক্রীড়াকার্ডও দেওয়া হবে। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হবে। এপ্রিল মাস থেকে ১২৯ জন এবং পরবর্তীতে বাকিদের এই কার্যক্রমে যুক্ত করা হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
এছাড়া দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে নতুন কুঁড়ি স্পোর্টস থেকে বিশেষ ক্রীড়াবৃত্তি প্রদান করা হবে। সরকারের এই যুগান্তকারী উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









