ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ১

ফরিদপুর, ২৮ মার্চ – ফরিদপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম। তিনি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাশেদ খান জানান, সাইফুল ইসলাম এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও তার কোনো দলীয় পদবি নেই। তিনি কেশবনগর গ্রামের কয়েকজন অসহায় মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করেন। পরবর্তীতে তার কথায় অসংলগ্নতা ধরা পড়লে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয়দের জানান। এরপর তারা ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর হটলাইনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি যাচাই করে সত্যতা পান। এর ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের পর সাইফুল ইসলাম অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, না বুঝে তিনি এই কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন করবেন না বলে নিঃশর্ত ক্ষমা চান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনএন/ ২৮ মার্চ ২০২৬









