জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

ঢাকা, ২৮ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকটের কারণে দেশব্যাপী অননুমোদিত মজুতের অপচেষ্টা দেখা দিয়েছে। জ্বালানি তেলের এমন অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইউনিট সদর থেকে দূরে দায়িত্ব পালনের জন্য নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা তাদের কাজ করছেন। গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলায় একটি, কুড়িগ্রামে দুটি, রংপুরে তিনটি, রাজশাহীতে তিনটি, সিলেটে দুটি, মৌলভীবাজারে তিনটি, কুমিল্লায় তিনটি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি এবং সুনামগঞ্জ জেলায় একটিসহ মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা এসব সদস্য অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় রোধ এবং নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো এলাকায় বিজিবির এই দৃশ্যমান উপস্থিতি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জনমনে আস্থা বৃদ্ধি করছে। এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত ট্রাকসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬









