জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার ১৫০ টন গম পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

ওয়াশিংটন, ২৭ মার্চ – যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে।

এমভি উবন নারী নামের জাহাজটি ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছিল। নতুন করে আসা জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এরপর দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোট ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ সরকার টু সরকার বা জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে এই গম আমদানি করছে। এর আগে জি টু জি চুক্তির এক ও দুই নম্বর লটের আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে। পূর্বের চুক্তিগুলো অনুযায়ী মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে। দেশে প্রতি বছর গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন। বিশাল এই ঘাটতি পূরণের জন্যই মূলত সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদেশ থেকে গম আমদানি করা হয়ে থাকে।

এস এম/ ২৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language